নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের একটি গেস্টহাউস থেকে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সকালে চট্টগ্রাম ক্লাবের গেস্টহাউস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মাহমুদা বেগম।
সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ ২০০০ সালের ডিসেম্বর থেকে ২০০২ সালের জুন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন।
জানা যায়, গতকাল রোববার (৩ আগস্ট) বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে এসে গেস্ট হাউজে উঠেছিলেন হারুন-অর-রশীদ। রাতে খাবারের পর তিনি গেস্ট হাউজের কক্ষে ঘুমানোর জন্য যান। আজ সকালে তাকে ঘুম থেকে ওঠার জন্য ডাকতে গেলে কোনো সাড়া না পেয়ে পরে দরজা খুলে ভেতরে প্রবেশ করা হয়। পরে সেখানে বিছানার ওপর তার মরদেহ পাওয়া যায়।
এরপর সম্মিলিত সামরিক হাসপাতাল চট্টগ্রামের চিকিৎসকদের একটি দল চট্টগ্রাম ক্লাবে এসে সাবেক সেনাপ্রধানের পরীক্ষা-নিরীক্ষা করেন। পরে তাঁরা সাবেক সেনাপ্রধানকে মৃত ঘোষণা করেন।
আজ বিকেলে সাবেক এই সেনাপ্রধানের মরদেহ নিয়ে যাওয়া হয় চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে। তবে এখনো পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যায় নি।
একটি সূত্র জানা গেছে, ডেসটিনির আর্থিক কেলেঙ্কারির একটি মামলায় হাজিরা দিতে তিনি গতকাল রোববার বিকালে চট্টগ্রামে এসেছিলেন। চট্টগ্রাম ক্লাব গেস্ট হাউজের ৩০৮ নম্বর কক্ষে তিনি উঠেছিলেন।



