― Advertisement ―

যুক্তরাষ্ট্রের ভেটো: গাজায় যুদ্ধবিরতির পথে আবারও বাধা

ডেস্ক রিপোর্টঃ গাজার অবরুদ্ধ জনগণের জন্য স্থায়ী ও নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা প্রস্তাবে আবারও ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। এই ঘটনায় গাজায় যুদ্ধবিরতি নিয়ে চলমান আন্তর্জাতিক প্রচেষ্টা বড় ধাক্কা খেল।

বুধবার অনুষ্ঠিত নিরাপত্তা পরিষদের বৈঠকে যুক্তরাষ্ট্র একমাত্র স্থায়ী সদস্য রাষ্ট্র হিসেবে তার ভেটো ক্ষমতা প্রয়োগ করে। যুদ্ধবিরতি প্রস্তাবটি পাস হলে হামাস যোদ্ধারা উৎসাহিত হবে এবং বন্দিদের মুক্তি আরও কঠিন হয়ে পড়বে বলে যুক্তরাষ্ট্রের দাবি।

জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট উড বলেন, “এই প্রস্তাব সন্ত্রাসী সংগঠন হামাসের জন্য ভুল বার্তা বহন করবে। আলোচনার মাধ্যমে সমঝোতায় না পৌঁছালে বন্দিদের মুক্তি সম্ভব নয়। আন্তর্জাতিক সম্প্রদায়কে এই বাস্তবতা অনুধাবন করতে হবে।”

নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১০টি রাষ্ট্র এই প্রস্তাবের পক্ষে ছিল। তারা অবিলম্বে, নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিল। এছাড়াও প্রস্তাবে গাজায় আটক বন্দিদের মুক্তির দাবিও অন্তর্ভুক্ত ছিল। তবে যুক্তরাষ্ট্রের ভেটোতে প্রস্তাবটি আটকে যায়।

ভোটাভুটির সময় যুক্তরাষ্ট্র অন্যান্য সদস্য রাষ্ট্রগুলোর সমালোচনা করে দাবি করে, “এই ধরনের প্রস্তাব গাজায় শান্তি আনতে সাহায্যের বদলে সমঝোতার প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে।”

গত ৭ অক্টোবর হামাসের আক্রমণের জবাবে ইসরায়েল গাজায় টানা হামলা চালাচ্ছে। হাসপাতাল, স্কুল, মসজিদ, শরণার্থী শিবিরসহ অসংখ্য স্থাপনা ধ্বংস হয়েছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় ৪৪ হাজার মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ধ্বংসস্তূপের নিচে এখনও প্রায় ১০ হাজার মানুষ নিখোঁজ বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের এই ভেটোকে অনেকেই সংকট সমাধানের পথে বড় বাধা হিসেবে দেখছেন। এর ফলে নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে মতবিরোধ আরও বাড়ছে।

বিশ্লেষকরা মনে করছেন, বারবার ভেটোর কারণে গাজার মানবিক সংকট আরও গভীর হচ্ছে। যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হলেও এটি কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

আরো পড়ুনঃ

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৬ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরাইলের নৃশংসতায় বিশ্বজুড়ে প্রতিবাদের আহ্বান