বরিশাল মেইল ডেস্ক
প্রশাসনের উপ-সচিব এবং সমপদমর্যাদার ২০১ জন কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পদোন্নতির পর তাদের জনপ্রশাসনের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।
এ বিষয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে ১৩ আগস্ট উপসচিব পদে পদোন্নতি দিয়েছিল সরকার।
যুগ্ম সচিবদের পদোন্নতির প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বরাবর অথবা ই-মেইলে যোগদানপত্র জমা দিতে পারবেন।
পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতিমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম-ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র জমা দিতে হবে।
প্রজ্ঞাপনে বলা হয়, পরে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো রকম বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তাঁর ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থেকে সচিবালয়ে পদ-পদোন্নতি থেকে ‘বঞ্চিত’ কর্মকর্তা-কর্মচারীদের তৎপরতা বেড়েছে। এসব নিয়ে প্রায় প্রতিদিন জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সচিবালয়ে জড়ো হচ্ছেন তাঁরা। এ রকম প্রেক্ষাপটের মধ্যে ‘বঞ্চিত’ কর্মকর্তাদের পদোন্নতির উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।



