বরিশাল মেইল ডেস্ক: রাজধানীর পল্টন মোড়ে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়ে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি রিকশার যাত্রী ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার চালক।
রবিবার (১৭ নভেম্বর) ভোর ৫টার দিকে পল্টন মোড়ে ইউনিক পরিবহনের বাসের সঙ্গে একটি পেঁয়াজবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ট্রাকটি উল্টে পাশে থাকা একটি অটোরিকশাকে চাপা দেয়়। ক্ষতিগ্রস্ত অটোরিকশার যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
পল্টন থানা পুলিশের উপপরিদর্শক মো. আরিফ জানান, আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতের অবস্থা আশঙ্কাজনক নয় বলেও জানান তিনি।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।



