― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

নিয়ন্ত্রণহীন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি

নিজস্ব প্রতিবেদক :
সম্প্রতি কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু সম্প্রদায়ের এক নারীকে নির্যাতনের একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। এর আগে রাজধানীতে রেলের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় একটি মন্দির অপসারণের ঘটনা ঘটে। এই দুইটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরার পরপরই যেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠেছে।

এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলেই দেখা যায় দেশজুড়ে অপরাধের মাত্রা বেড়েই চলেছে। প্রতিদিন দেশের কোথাও না কোথাও থেকে হত্যা, ডাকাতি, অপহরণ, ছিনতাই, ধর্ষণ, মব সৃষ্টি করে নির্যাতনের খবর পাওয়া যাচ্ছে। ধর্ষণের হাত থেকে বাদ যাচ্ছেনা শিশুকন্যা থেকে বৃদ্ধা পর্যন্ত। আবার লাশবাহী অ্যাম্বুল্যান্স থামিয়েও ডাকাতির মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটছে। অথচ উল্লেখিত দুইটি ঘটনার আগ পর্যন্ত দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্থীতিশীল ছিল বলা যায়।

এদিকে দেশজুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে যৌথ বাহিনী, পুলিশ ও র‌্যাবের সাঁড়াশি অভিযান চলছে। তবে তাতেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এসব অপরাধ কর্মকাণ্ড। সব মিলিয়ে অপরাধের এক অদম্ম ‘পাগলা ঘোড়া’ ছুটে চলছে, তা থামানোর যেন কোন উপায় নেই।

অপরাধ বিশ্লেষকদের মতে, সব ধরনের অপরাধ বাড়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে, দেশে পটপরিবর্তনের পর আইন-শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছিল, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তা এখনো নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হয়েছেন। ফলে অপরাধের লাগামহীন ‘পাগলা ঘোড়া’ থামানো যাচ্ছেনা।

কিছু দিন পর পর চাঞ্চল্যকর অপরাধের ঘটনায় দেশজুড়ে ব্যাপক সমালোচনা তৈরি হচ্ছে। এসব চাঞ্চল্যকর ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে দেশের গন্ডি পেরিয়ে দেশের বাইরেও ছড়িয়ে পড়ায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

পুলিশ সদর দপ্তরের তথ্য বিশ্লেষণ করে এ খবরে বলা হয়েছে, দিন দিন হত্যা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, ডাকাতি, দস্যুতা ও চুরি, ছিনতাইয়ের ঘটনা প্রতিনিয়ত বাড়ছে।

পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত পাঁচ মাসে দেশে এক হাজার ১৩৯টি ডাকাতি ও দস্যুতার ঘটনায় মামলা দায়ের হয়েছে। যা গড়ে প্রতি মাসে ২২৮টি। যা গত বছর প্রতি মাসে এই সংখ্যা ছিল গড়ে ১৫৮। এই পাঁচ মাসে হত্যা মামলা হয়েছে এক হাজার ৫৮৭টি, যা গড়ে প্রতি মাসে ৩১৭টি।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর জানান, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিগত কয়েক মাসের চেয়ে এখন তুলনামূলক ভালো। কিভাবে আরো প্রত্যাশিত করা যায়, জনগণকে কিভাবে স্বস্তি দেওয়া যায়, আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।’

জানতে চাইলে সাবেক আইজিপি নুর মোহাম্মদ বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর প্রত্যাশা অনুযায়ী এখনো মনোবল ফেরেনি পুলিশের। তবে পুলিশ চেষ্টা করে যাচ্ছে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে রাখতে।’