― Advertisement ―

দেশের বাইরে থেকে ক্ষমাটা চাইবো কীভাবে : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট :
গত বছরের ৫ আগষ্ট অভ্যুত্থানের আগের গণআন্দোলনে কমপক্ষে ১৪০০ মানুষ নিহত হয়েছে বলে জাতিসংঘের পরিসংখ্যানে বলা হয়েছে। সেই হত্যাকান্ডের ঘটনায় তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ ক্ষমা চাইবে কিনা এমন প্রশ্ন করেছিল বিবিসি। এর জবাবে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ক্ষমা চাওয়ার বিষয় দেশের মাটিতে। দেশের বাইরে থেকে আমরা ক্ষমাটা চাইবো কেমন করে?’

বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া প্রসঙ্গেও কথা বলেন তিনি। বর্তমানে প্রতিবেশী দেশ ভারতের কলকাতায় অবস্থান করছেন। সেখান থেকেই বিবিসির সঙ্গে কথা বলেছেন বাংলাদেশে কার্যত নিষিদ্ধ দল আওয়ামী লীগের এই নেতা।

তিনি বলেছেন, ‘দেশের অভ্যন্তরে যখন শান্তি, স্থিতি আসবে এবং আমরা দেশের মাটিতে রাজনীতি যখন করতে পারবো, রাজনৈতিক কর্মকাণ্ড যখন আমরা পরিচালনা করতে পারবো, যদি কোনো ভুল হয়ে থাকে- মানুষকে নিয়ে আমাদের রাজনীতি, এদেশের মানুষের কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে আমরা কখনো পিছিয়ে থাকতে প্রস্তুত নই।

তিনি আরো বলেন, ‘সব কিছুরই সূত্র হলো দেশ। দেশের মাটিতে বসেই আমরা যদি কোনো কিছু অনুশোচনা, ক্ষমা এসব বিষয় যদি থাকে তাহলে অবশ্যই আমরা দেশের মাটিতেই আমাদের যে বিশ্লেষণ, আমাদের যে রাজনৈতিক চিন্তা ভাবনা, তার প্রতিফলন অবশ্যই হবে।’

এ ছাড়াও ৫ই আগষ্ট কিভাবে প্রাণে বেঁচে গেলেন তার বিস্তারিত বলেছেন আওয়ামী লীগের এই নেতা।