চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশনে যাত্রীবাহী বাসকে অতিক্রম করতে গিয়ে মালবাহী নসিমন-করিমন এর সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো ইমন (১৬) ও নেছার উদ্দিন (২০) নামের দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এঘটনায় মোটরসাইকেল আরোহী সিয়াম (২০) গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার বিকালে চরফ্যাশন পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাইমুদ্দির মোড় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এদূর্ঘটনা ঘটে।
ঘটনার পর চরফ্যাশন ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়দের সহযোগিতায় গুরুত্বর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমন ও নেছারউদ্দিনকে মৃত ঘোষণা করেন।
আহত সিয়ামকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে প্রেরন করেন। নিহতরা হলেন উপজেলার নীলকমল ইউনিয়নের মোঃ কালামের ছেলে ইমান ও বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের ইলিয়াস আহমেদের ছেলে নেছার উদ্দিন। এবং আহত সিয়াম চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আনছার আলীর ছেলে।
পুলিশ ও স্বজনরা জানান বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের বন্ধু নেছার উদ্দিনের বাড়ি থেকে মঙ্গলবার বিকালে তিন বন্ধু মোটরসাইকেল যোগে চরফ্যাশনের উদ্দেশ্যে আসার পথে চরফ্যাশন পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাইমুদ্দির মোড় আসলে যাত্রীবাহী একটি বাসকে অতিক্রম করার সময় অপর দিক থেকে একটি দ্রুতগামী মালবাহী নসিমন-করিমন এর সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলটি ছিটকে পড়ে মোটরসাইকেলে থাকা তিন আরোহী গুরুত্বর আহত হন।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান হাওলাদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার খবর শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ থাকলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



