নিজস্ব প্রতিবেদক
গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত, এই ১১ মাসে দেশে আরও এক লাখ ৩৬ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। বলে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল বুধবার (১২ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ৩১ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে মোট নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৬৮ হাজার ৩৯৮ জনে।
ইউএনএইচসিআর জানায়, মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির জান্তা সরকারের সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সংঘর্ষ যতই তীব্র হচ্ছে, ততই রোহিঙ্গা জনগোষ্ঠীর বাংলাদেশে অনুপ্রবেশের পরিমাণ বেড়ে যাচ্ছে। এক হিসাবে দেখা যায়, প্রতি মাসে গড়ে ছয় হাজারের মতো রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটছে।
প্রতিবেদন বলছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে ক্রমবর্ধমান সংঘাতের কারণে ২০২৪ সাল থেকে নতুন শরণার্থীরা বাংলাদেশে নিরাপত্তার সন্ধান অব্যাহত রেখেছে। ফলস্বরূপ ২০২৪ সালের শেষের দিকে ক্যাম্পগুলোতে নতুন আগতদের সংখ্যা বাড়ার বিষয়টি চিহ্নিত করা হয়েছিল।
দেশে বর্তমানে রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ৭৮ শতাংশ নারী এবং শিশু, ১২ শতাংশ প্রতিবন্ধী ব্যক্তি। মোট জনসংখ্যার ৫২ শতাংশ নারী এবং ৪৮ শতাংশ পুরুষ রয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, নোয়াখালীর ভাসানচরসহ কক্সবাজারের উখিয়া-টেকনাফের ৩৪টি ক্যাম্পের ২ লাখ ৩৬ হাজার ৭৯১টি পরিবারে মোট রোহিঙ্গা আছে ১১ লাখ ৪৩ হাজার ৯৬ জন। ক্যাম্পগুলোয় প্রতি বছর জন্ম নিচ্ছে কম করে হলেও ৩০ হাজার শিশু। সেই হিসাবে দৈনিক গড়ে ৮২টি শিশু ভূমিষ্ঠ হচ্ছে।



