― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

ওভারলোডেড ট্রাকের ধাক্কায় সেতু ধস; ঝালকাঠির কাঁঠালিয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন

ঝালকাঠির কাঁঠালিয়ায় অতিরিক্ত পাথর বোঝাই একটি ট্রাক পারাপারের সময় একটি পুরোনো ও ঝুঁকিপূর্ণ গার্ডার ব্রিজ ভেঙে খালের মধ্যে পড়ে গেছে। শুক্রবার (১৫ মে, ২০২৬) গভীর রাতে বান্দাঘাটা-কৈখালী-ভাণ্ডারিয়া সড়কের জোড়াপুল বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। ব্রিজটি সম্পূর্ণ ভেঙে যাওয়ায় উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নসহ অন্তত ১০টি গ্রামের সঙ্গে উপজেলা সদরের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর ফলে ওই সড়ক দিয়ে যাতায়াতকারী হাজার হাজার মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সাতক্ষীরা থেকে আনুমানিক ১০ টন ওজনের পাথর নিয়ে ট্রাকটি কাঁঠালিয়ার ষাটকুড়া নামক এলাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে জোড়াপুল বাজার সংলগ্ন অত্যন্ত জরাজীর্ণ ও দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা এই ব্রিজটি অতিক্রম করার সময় দুর্ঘটনাটি ঘটে। অতিরিক্ত ওজনের চাপ সামলাতে না পেরে ব্রিজটি বিকট শব্দে ভেঙে পড়ে এবং ট্রাকের পেছনের দুটি চাকা ধসে যাওয়া কাঠামোর মধ্যে আটকে যায়। পরবর্তীতে স্থানীয়রা একটি বেকু (ভেকু) মেশিনের সাহায্যে ট্রাকটিকে টেনে তুলতে সক্ষম হলেও খালের ওপর কোনো বিকল্প যাতায়াত ব্যবস্থা না থাকায় সড়ক যোগাযোগ পুরোপুরি বন্ধ রয়েছে।

দুর্ঘটনার পর থেকে ওই এলাকায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। নিত্যপ্রয়োজনীয় কাজ, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং জরুরি চিকিৎসাসেবা নেওয়ার জন্য স্থানীয় বাসিন্দাদের এখন নৌকা বা দীর্ঘ পথ ঘুরে বিকল্প উপায়ে যাতায়াত করতে হচ্ছে। ব্রিজটি ভেঙে যাওয়ায় জোড়াপুল বাজার এলাকার ব্যবসায়ীরাও চরম আর্থিক লোকসানের শঙ্কায় পড়েছেন। স্থানীয় জনগণের দাবি, এই ব্রিজটি যে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল তা কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও সময়মতো কোনো সংস্কার বা পুনর্নির্মাণ করা হয়নি, যার খেসারত এখন সাধারণ মানুষকে দিতে হচ্ছে।

এদিকে, শনিবার (১৬ মে) দুপুরে ঝালকাঠি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মজিবুর রহমান ক্ষতিগ্রস্ত ব্রিজ এলাকাটি সরেজমিনে পরিদর্শন করেছেন। তিনি স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করে বলেন, দ্রুততম সময়ের মধ্যে খালের ওপর একটি অস্থায়ী যোগাযোগ ব্যবস্থা তৈরি করা হবে যাতে সড়ক যোগাযোগ স্বাভাবিক করা যায়। একই সঙ্গে স্থায়ীভাবে একটি নতুন সেতু নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জরুরি প্রস্তাব পাঠানো হবে বলেও তিনি জানান।