অস্ট্রেলিয়ার বন্ডাই সমুদ্র সৈকতে গত রবিবারের (১৪ ডিসেম্বর) গুলির ঘটনায় জড়িত সাজিদ আকরাম (৫০) ভারতের দক্ষিণাঞ্চল থেকে অস্ট্রেলিয়ায় এসেছিলেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।
হামলাকারী সাজিদ ঘটনাস্থলেই নিহত হয়েছিলেন। তিনি ভারতের হায়দ্রাবাদ থেকে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। ভারতীয় তেলেঙ্গানা রাজ্যের একজন পুলিশ কর্মকর্তা এটি জানিয়েছেন।
ভারতের পুলিশ বলছে, ১৯৯৮ সালে অস্ট্রেলিয়ায় যাওয়ার পর থেকে সাজিদ ছয়বার ভারতে আসা যাওয়া করেছেন। তার পরিবারের তার উগ্রবাদী চিন্তাধারা বা কার্যক্রম সম্পর্কে কোনো ধারণা ছিলনা।
ওই ঘটনার পর অস্ট্রেলিয়ান পুলিশ বলেছিল, বন্ডাই বিচে ইহুদি ধর্মীয় উৎসব হানুকাহ উদযাপন শুরু উপলক্ষে চলা অনুষ্ঠানে হামলাটি হয়েছে এবং তারা এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করছেন।

সাজিদ এবং তার ২৪ বছর বয়সী ছেলে নাভিদ ১৫ জনকে হত্যা ও আরও ২১ জনকে মানুষকে গুলি করে আহত করেছেন।
সাজিদ আকরাম ভারতীয় পাসপোর্টধারী ছিলেন। তবে অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়ার তার সন্তান নাভিদ অস্ট্রেলিয়ার পাসপোর্টধারী ও দেশটির নাগরিক ছিলেন।
রবিবারের ওই গুলির ঘটনায় নিহতদের গতকাল থেকে প্রথম শেষকৃত্যানুষ্ঠান শুরু হয়েছে।
সূত্র: বিবিসি বাংলা



